ভূতনাথ মালিক এর নাম ঘোষণা হতেই জামালপুরে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস
Bengal Times News, 17 March 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হিসাবে ভূতনাথ মালিকের নাম ঘোষণা হবার সাথে সাথেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে জামালপুরবাসী। ভূতনাথ মালিকের নাম ঘোষণা হতেই জামালপুর ব্লক তৃণমূল কার্যালয়ে সমস্ত শাখা সংগঠনের সভাপতি, কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ভিড় জমায়। ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানায় ভূতনাথ মালিককে।
জয় বাংলা ধ্বনিতে ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের কান্ডারী তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্লক সভাপতি মেহেমুদ খাঁনের নামে জয় ধ্বনি দিতে থাকেন তাঁরা। মেহেমুদ খাঁন তাঁর অত্যন্ত স্নেহের ভূতনাথকে মালা পরিয়ে দিয়ে জড়িয়ে ধরেন। দুজনেরই চোখ তখন ছল ছল করছে। এতদিনে একটি বৃত্ত পূর্ণ হলো। ভূতনাথ বাবুও তাঁর রাজনীতির পথ প্রদর্শক মেহেমুদ খাঁনকে মালা পরিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। ভূতনাথ মালিক দীর্ঘদিন ধরে মেহেমুদ খাঁনের সাথে রাজনীতি করে আসছেন। দক্ষতার সাথে তিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও সহ সভাপতির পদ সামলাচ্ছেন। সামলাচ্ছেন দলের সহ সভাপতির পদও। রাজনীতিতে তিনি একদম পাকাপোক্ত হয়ে গেছেন। বিধানসভার প্রতিটি অঞ্চল তাঁর চেনা। এখানকার মানুষের কাছে তিনি মাষ্টারমশাই হিসাবেই বেশী পরিচিত। জামালপুরের সব শ্রেণির মানুষের কাছে বিশেষ জনপ্রিয়।
তাঁর নাম ঘোষণা হবার পরই তিনি আমাদের মুখোমুখি হয়ে জানান বিধায়ক নির্বাচিত হলে তিনি জামালপুর স্বাস্থ্য কেন্দ্রকে আরো উন্নত করবেন এবং জামালপুর কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে চেষ্টা করবেন। শিক্ষা ও স্বাস্থ্য এই দুই বিষয়ের উপর তিনি জোর দিতে চান। এছাড়া জামালপুরে একটি অগ্নিনির্বাপক কেন্দ্র করতে সচেষ্ট হবেন। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, তিনি অত্যন্ত খুশী হয়েছেন দল ভূতনাথ মালিককে জামালপুরের প্রার্থী করেছেন বলে। তিনি জামালপুরবাসীর কাছে আবেদন করেন সকলে ভূতনাথ মালিক কে ভোট দিয়ে যেন বিপুল ভোটে জয় যুক্ত করেন। তিনি নিশ্চিত লোকসভা ভোটের থেকেও বিধানসভা ভোটে জয়ের ব্যবধান বাড়বে।





