Bengal Times News, 27 July 2026
সন্দীপন সরকার, পূর্ব মেদিনীপুর : রোটারি ক্লাব অফ কন্টাই-এর ৪০তম ইনস্টলেশন সেরিমনি ২৫ জুলাই কাঁথির রোটারি ভবনের প্রশান্ত স্মৃতি সভাকক্ষে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তাপস দলাই, পিনাকী প্রসাদ ঘোষ, শান্তিময় জানা, বিদ্যুৎ চন্দ, কৃষ্ণেন্দু মাইতি সহ রোটারির বিশিষ্ট সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রীনা পড়্যা প্রধান এবং সম্পাদক দীপঙ্কর বোস আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি নির্মল বেরা ও সম্পাদক সুতনু পতির হাতে দায়িত্বভার অর্পণ করেন। নতুন কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পুলক মাইতি। সাংসদ সৌমেন্দু অধিকারী তাঁর বক্তব্যে রোটারি ক্লাবের দীর্ঘদিনের সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচিতে রোটারির উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরে তিনি ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজে রোটারির পাশে থাকার আশ্বাস দেন।
এদিন সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘কেয়ার অফ খেজুরী’ সংস্থাকে সংবর্ধনা জানানো হয়। সংস্থার কর্ণধার শুভ্রজিৎ পণ্ডার হাতে স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি খেজুরী আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে একটি জল পরিশোধন যন্ত্র (ওয়াটার পিউরিফায়ার) প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা সিনহা ও গৌতম রায়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টলেশন চেয়ারম্যান স্বপন মাইতি। অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির আগামী দিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


