AI and Media
ভিত্তিক প্রযুক্তিনির্ভর ও শিল্পমুখী কোর্সে ভর্তি শুরু করলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
Bengal Times News, 30 July 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : সাংবাদিকতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহারকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে বড় পরিবর্তন আনলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (Netaji Subhas Open University)। নতুন শিক্ষাবর্ষে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সংশোধিত সিলেবাসের মাধ্যমে।
নতুন পাঠ্যক্রমে প্রথমবারের মতো ‘Artificial Intelligence and Media’-কে একটি প্র্যাকটিক্যালভিত্তিক কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে ‘Environment Communication’ বিষয়, যেখানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত কমিউনিকেশনের বিভিন্ন দিক নিয়ে পড়ানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সংশোধিত সিলেবাসে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদ সংগ্রহ, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, মাল্টিমিডিয়া প্রোডাকশন, এআই-ভিত্তিক মিডিয়া টুলের ব্যবহার এবং শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে সংবাদমাধ্যম, ডিজিটাল মিডিয়া, কর্পোরেট কমিউনিকেশন, জনসংযোগ এবং কনটেন্ট ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করা। সেই উদ্দেশ্যেই পাঠ্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শিল্পমুখী করে সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, সংশোধিত এই সিলেবাস বর্তমান মিডিয়া শিল্পের দ্রুত পরিবর্তিত চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে সংযুক্ত করবে এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে তাদের প্রতিযোগিতামূলক করে তুলবে।

