শিক্ষকদের গোপনীয়তা ও আত্মসম্মানে হস্তক্ষেপ বরদাস্ত নয়! ঐতিহাসিক মামলায় বর্ধমান আদালতের অন্তর্বর্তী নির্দেশ
Bengal Times News, 18 October 2026
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : পুজোর ছুটির মুখেই বর্ধমান জেলা আদালতের এক গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শিক্ষা মহলে শুরু হয়েছে আলোচনা। শিক্ষক সমাজের ব্যক্তিগত গোপনীয়তা, আত্মসম্মান ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। একটি Representative Capacity মামলায় আদালতের এই নির্দেশ শিক্ষক-শিক্ষিকাদের ব্যক্তিগত জীবনের সুরক্ষার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
আদালত রায়ে স্পষ্ট করে জানিয়েছেন যে বাদী পক্ষ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও প্যারা শিক্ষকদের বাসস্থানে টিউটর গোষ্ঠী যেতে পারবেন না। তাঁরা শিক্ষক বা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বাকবিতণ্ডা, ভয়ভীতি প্রদর্শন, কিংবা তাঁদের ছবি ও রেকর্ডিং তুলতে পারবেন না। এছাড়া, মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ভঙ্গের অজুহাতে শিক্ষক বা তাঁদের পরিবারের কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও আপলোড বা ছড়িয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘটনার সূত্রপাত ধূপগুড়ির ডাউকিমারিতে। অভিযোগ, উত্তরবঙ্গের ধূপগুড়ির ডাউকিমারিতে এক পার্শ্বশিক্ষকের বাড়িতে তাঁর অনুমতি ছাড়াই টিউটর সংগঠন এর প্রায় ৩০–৪০ জন সদস্য প্রবেশ করেন। আরও অভিযোগ, শিক্ষকের বাড়ির অন্দরমহলে ছবি ও ভিডিও তুলে পরবর্তীকালে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক মানসিক যন্ত্রণা ও সামাজিক অসম্মানের শিকার হন বলে অভিযোগ।
একজন শিক্ষকের ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ ও সম্মানহানির অভিযোগে সরব হয় সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের রাজ্য শিক্ষক সংগঠন। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাতে অভিযোগ দায়ের সহ আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতের দ্বারস্থ হয় তারা।
শিক্ষক সংগঠনের অভিযোগ, টিউটর সংগঠন দীর্ঘদিন ধরে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যক্তিগত টিউশন সংক্রান্ত অভিযোগ তুলে তাঁদের হেনস্থা করার চেষ্টা করছে। এমনকি শিক্ষকদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের গোপনীয়তা লঙ্ঘন, ছবি ও ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ এবং ভিডিওর মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
আদালতের এই নির্দেশকে শিক্ষক সমাজের ব্যক্তিগত গোপনীয়তা, আত্মসম্মান ও মর্যাদা রক্ষার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছে সংশ্লিষ্ট শিক্ষা মহল।

