ফলতায় প্রার্থীপদ প্রত্যাহার করলেন তৃণমূলের জাহাঙ্গীর খান
Bengal Times News, 19 May 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারের দিন বিবৃতি দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান। ইতিপূর্বে তিনি নিজেকে 'পুষ্পা' পরিচয় দিয়ে অনেক বড় বড় ডায়লগ দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের আগে কেমন যেন চুপসে গেলেন। মঙ্গলবার তিনি জানালেন, ফলতার সাধারণ মানুষের শান্তি রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।
জাহাঙ্গীর বলেন, 'সোনার ফলতা গড়া আমার স্বপ্ন ছিল।' কিন্তু 'সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন।'সেই কারণেই তিনি ভোটে লড়ছেন না। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন পুনর্নির্বাচনের জন্য ফলতায় বিজেপি প্রার্থীর হয়ে জোরকদমে প্রচার করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক সেখানেই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলতায় তৃণমূলের এমনই অবস্থা যে পোলিং এজেন্ট বসাতে পারছে না। সম্ভবত সে কারণেই সরলেন জাহাঙ্গীর খান! যদিও মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গেছে। কমিশনের নিয়ম অনুযায়ী এখন প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএমে জাহাঙ্গীরের নাম ও দলীয় প্রতীকের বোতাম থাকবে।
এদিকে ফলতায় পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারের দিন ফলতায় আসেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে বেলা সাড়ে ১২টা নাগাদ সেখানে রোড শো করেন তিনি। জাহাঙ্গীরের প্রার্থী পদ তুলে নেওয়ার বিষয়টিকে হালকা ভাবে নিতে নারাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোকে 'তৃণমূলের কৌশল' বলে দলের কর্মীদের সাবধান করলেন তিনি। মঙ্গলবার ফলতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সতর্কবার্তা, 'আপনাদের বলব এটা তৃণমূলের কৌশল! যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, ভোটটা না দিলেও চলবে। ১০ বছর পর ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, ১০০ শতাংশ ভোট চাই, পদ্ম ফুলে ভোট চাই, মুখ্যমন্ত্রী আসবে ২৪ মে এর পরে, ফলতাকে নতুন করে সাজিয়ে দেব।'


