মাতৃ পক্ষের সূচনায় তিলোত্তমা কলকাতা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে
Bengal Times News, 9 October 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : মাতৃ পক্ষের সূচনায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে তিলোত্তমা কলকাতা। সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পুলিশের ১১২ পরিষেবার উদ্বোধন হবে। সেখানে সাড়ে চারশো নতুন গাড়ি ও সাড়ে চারশো নতুন বাইক থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিকেল সাড়ে ৪টের সময় রেড রোড থেকে তাঁর নেতৃত্বাধীন শোভাযাত্রা সহকারে ইডেনে পৌঁছোবে। ৪.৪৫-এ ইডেনে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
এই বছর বিগত বছরের ঐতিহ্যবাহী বিসর্জন কার্নিভালের পরিবর্তে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা করতে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে এক অভূতপূর্ব মেগা উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ৪ ঘণ্টার জমকালো অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ প্রায় ১০,০০০ প্রথাগত ঢাকিদের একসাথে ঢাকের বোল এবং ১,০০০ মহিলার শঙ্খধ্বনি ও উলুধ্বনি, যা ইডেনের আকাশ-বাতাসকে এক অলৌকিক ও ভক্তিপূর্ণ আবহে ভরিয়ে তুলবে।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা এই রাজকীয় অনুষ্ঠানটি সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতার অন্তত ৩৫টি গুরুত্বপূর্ণ মোড়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এই মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকার বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপূজার ঐতিহ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

