Football League কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট
Bengal Times News, 19 September 2026
রনজিৎ দাস, কলকাতা : আট বছর বাদে শাপমুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের। মহামেডান স্পোর্টিংকে ৩ -২ গোলে হারিয়ে ৩১তম বারের জন্য কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট।
ম্যাচের ২৭ মিনিটে সাহাল আব্দুল সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। বিরতির ঠিক আগে মোহনবাগান রক্ষণের ভুলে সমতা ফেরায় মহামেডান। ৪৩ মিনিটে মহামেডানের হয়ে গোল করেন রেমসাঙ্গা। ১-১ ফলাফল নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পরই ম্যাচে নাটকীয় মোড়। মোহনবাগানের গোলকিপার দীপ্রভাত ঘোষ পেনাল্টি বক্সে মহামেডানের রেমসাঙ্গাকে অবৈধভাবে বাধা দিলে রেফারি প্রতীক মণ্ডল পেনাল্টির নির্দেশ দেন এবং লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন দীপ্রভাতকে। পেনাল্টি থেকে গোল করে মহামেডানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মহিতোষ রায়।
১০ জনে হয়ে পড়তেই কোচ বাস্তব রায় বাধ্য হয়ে জোড়া পরিবর্তন করেন। গোলকিপার সৈয়দ বুখারি ও সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামান ছাংতে ও কিয়ান নাসিরির জায়গায়।
এরপর ১০ জনের মোহনবাগান আগ্রাসী ভৃমিকা নিয়ে খেলা শুরু করে। ৭০ মিনিটে সাহাল নিজের দ্বিতীয় গোল করে খেলায় সমতা ফেরান। আর ম্যাচের ৭৪ মিনিটে বদলি হিসেবে নামা সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলেই ৩-২ ব্যবধানে জয় এবং ৩১তম কলকাতা লিগ জয় নিশ্চিত করে মোহনবাগান। সাহল আবদুল সামাদ ম্যাচের সেরা নির্বাচিত হন।
অপরদিকে ইস্টবেঙ্গল ৭-০ গোলে কোল ইন্ডিয়াকে পরাজিত করলেও সেটা কাজে দেয়নি। রার্নাস হয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়। অপর খেলায় ভবানীপুর ক্লাবের কাছে রার্নাস হওয়ার সুবর্ণ সুযোগ ছিল। সেক্ষেত্রে ইউনাইটেড স্পোর্টসে হারতে হতো। কিন্তু ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টসের খেলা গোলশূন্যভাবে শেষ হয়।ম্যাচের শেষ মুহুর্তে ইউনাইটেড স্পোর্টসের সুময় সোম ভবানীপুরের গোলকিপার আদিত্য পাত্রকে মুখে আঘাত করে লাল কার্ড দেখেন।



