CM announcement for Journalists
সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা : পেনশন দ্বিগুণ, স্বাস্থ্য বীমা ও পুজোয় বোনাস
Bengal Times News, 1 September 2026
জগন্নাথ ভৌমিক, কলকাতা : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের কাছে বাস্তবতার তথ্য ও ছবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দিনের পর দিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে, কখনও ঘটনাস্থলে ছুটে গিয়ে, কখনও রাত জেগে সংবাদ সংগ্রহ করে থাকেন। আবার কখনও প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাকে প্রশাসনের সামনে তুলে ধরে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করেন। অথচ কর্মজীবন শেষ হওয়ার পর তাঁদের একটি বড় অংশের সামনে আর্থিক নিরাপত্তা ও চিকিৎসার খরচ মেটানোর প্রশ্নটি কঠিন হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতার মধ্যেই সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়, রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা ডঃ সুব্রত গুপ্ত, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব ডঃ সৌমিত্র মোহন প্রমুখ।
মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে পশ্চিমবঙ্গের সাংবাদিকদের বড়ধরনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ সেপ্টেম্বর তিনি একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক পেনশন দ্বিগুণ করেছেন। আগে ষাটোর্ধ্ব মুষ্টিমেয় সাংবাদিক মাসে আড়াই হাজার টাকা পেতেন। এবার মাসে ৫,০০০ টাকা পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। পুজোর সময় সাংবাদিকদের জন্য বোনাস হিসেবে ৩,০০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। আবেদন করলেই মিলবে ৩ হাজার টাকা। কোনো রকম দ্বিচারিতা নয় সমগ্র পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জন্য একই রকম সুবিধা প্রদানের ব্যবস্থা।
চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসতে পারবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় এনে চিকিৎসার সুযোগ। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সাংবাদিকতার ইতিহাসে বড়ধরনের প্রাপ্তি। আজ নবান্ন সভাঘরের অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে রণজিৎ রায়, সীতারাম আগরওয়ালদের হাতে ৫০০০ হাজার টাকার চেক তুলে দিয়ে সাংবাদিক পেনশন স্কীমে সুবিধা প্রদানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এছাড়া সাংবাদিক ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্ন সভাঘরের অনুষ্ঠান থেকে সাংবাদিক ভাস্কর মুখার্জী, শুভম দত্ত-দের হাতে স্বাস্থ্য বীমার কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।






