ওপেন হার্ট সার্জারিতে বর্ধমানের টেরেসা মেমোরিয়াল হসপিটালের অসাধারণ সাফল্য
Bengal Times News, 3 August 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় ওপেন হার্ট সার্জারিতে নজির সৃষ্টি করেছে টেরেসা মেমোরিয়াল হসপিটাল। আর এই সাফল্য উদযাপনের জন্য সোমবার বর্ধমানের টেরেসা মেমোরিয়াল হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত জুলাই মাসে ৬১ টি সফল ওপেন হার্ট সার্জারি হয়েছে। সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
অসাধারণ এই সাফল্যের কান্ডারী হসপিটালের ডিরেক্টর তথা বিশিষ্ট কার্ডিওথোরাসিক ও ভাসকুলার সার্জন ডাঃ সপ্তর্ষি রায় এবং তাঁর সহযোগী ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ রিতেন্দ্রনাথ তালাপাত্র কে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করেন হসপিটালের একাউন্টস ম্যানেজার সন্দীপ ব্যানার্জী।
উপস্থিত ছিলেন সিটিভিএস সার্জন ডাঃ সিদ্ধান্ত রাজেন্দ্র বৈরাগর। এই সাফল্য কেক কেটে উদযাপন করা হয়। হাসপাতালের অন্যান্য আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই অনুষ্ঠানের সঞ্চালক জানান, টেরেসা মেমোরিয়াল হাসপাতাল ২০১৯ সালের ১২ই মে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি ২০৫ শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা উচ্চ-মানের, সাশ্রয়ী এবং সহানুভূতিপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, হাসপাতাল আধুনিক চিকিৎসা প্রযুক্তি দ্বারা সজ্জিত এবং অভিজ্ঞ চিকিৎসক, নিবেদিতপ্রাণ নার্স ও দক্ষ স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি দল দ্বারা সমর্থিত, যারা প্রতিটি রোগীর জন্য সর্বোত্তম সম্ভাব্য সেবা নিশ্চিত করতে অক্লান্তভাবে কাজ করেন।
সাংবাদিক সম্মেলনে ডাঃ সপ্তর্ষি রায় বলেন, বর্ধমানবাসী তাদের উপর ভরসা করেছেন বলেই এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি হৃদরোগ প্রতিরোধে জনগণের উদ্দেশ্যে লাইফস্টাইল সম্পর্কে সচেতনতার বার্তাও দেন। বিশিষ্ট কার্ডিওথোরাসিক ও ভাসকুলার সার্জন ডাঃ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কি রকম জীবন যাপন করলে সুস্থ থাকা যায়, এটা আমরা প্রায় সকলেই অল্পবিস্তর জানি। কিন্তু মেনে চলিনা। তাই তিনি পরামর্শ দেন প্রতিদিন নিয়ম করে হাঁটা চলা করা। একটা বয়সের পর তেল ও মশলাদার খাবার এড়িয়ে চলা। নিয়মমাফিক চিকিৎসকের পরামর্শ মতো শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো। এসব মেনে চললেই হৃদরোগের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।





