Global warming
পরিবেশ রক্ষায় সিড বল নিক্ষেপ, মিলিত প্রয়াস এর অভিনব উদ্যোগ
Bengal Times News, 11 July 2026
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষনকে রুখতে বৃক্ষ রোপণ অন্যতম রাস্তা। এই বার্তা কে সামনে রেখে বর্ধমানের পরিবেশ প্রেমি সংগঠন মিলিত প্রয়াস ১১ জুলাই এক অভিনব উদ্যোগ গ্রহণ করে। সদরঘাটের বংপুর চাষীমানা থেকে শুরু করে উদয় পল্লী পর্যন্ত বাঁধ বরাবর দুপাশের ফাঁকা জায়গায় প্রায় ৩০০ টি সিড বল নিক্ষেপ করা হয়।
সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত বলেন, গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফল খাওয়া হয়। সেই ফলের বীজগুলিকে শুকিয়ে সংরক্ষণ করে রেখে মাটির গোলা করে সিড বল বানিয়ে প্রায় এককিমি রাস্তায় ছড়ানো হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা এই সিড বল প্রস্তুত করা হয়েছে।
নবম শ্রেণীর ছাত্র সৌভিক কোলে বলে যে গরমের সময় বাড়িতে খাওয়া আম, জাম, লিচু, খেজুর, কাঁঠাল, সবেদা ইত্যাদি ফলের বীজগুলি আমরা সংরক্ষণ করে রেখেছিলাম। তারপর দোঁআশ মাটির সাথে পরিমান মতো জৈব সার মিশিয়ে একটি মিশ্রন তৈরি করি ও তার মধ্যে আগে থেকে সংরক্ষণ করা ফলের বীজগুলি রেখে গোলা বানিয়ে শুকিয়ে নিই এবং বর্ষার শুরুতে বাঁধের ধার বরাবর ছড়িয়ে দিই।
সংস্থার অপর সদস্য বাপি চৌধুরীর জানান বিগত পাঁচ বছর থেকে বৃক্ষরোপনের পাশাপাশি আমরা এই সিড বল নিক্ষেপের কাজ করে আসছি। তবে শুধু একদিনই নয় সারা বর্ষা জুড়েই বিভিন্ন সময়ে বর্ধমানের বিভিন্ন প্রান্তে আমরা এই সিড বল নিক্ষেপের কাজ চালিয়ে যাবো।

