Bengal Times News, 25 June 2026
শিখা দেব, কলকাতা : ইণ্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা আগামী ৮ থেকে ১০ জুলাই এর মধ্যে শুরু হতে পারে। গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দু’টি গ্রুপে রেখে বৃহস্পতিবার লটারি অনুষ্ঠিত হল আইএফএ কার্যালয়ে। একই গ্রুপে কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে। এবারেও প্রিমিয়র ডিভিশনের ফুটবল লিগে গতবারের মতো ৬ জন ভূমিপুত্রকে খেলাতে হবে। আইএফএ প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ বিন্যাসে তেরোটি করে দল রাখা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট মিলন সংঘ, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর, বিধাননগর মিউনিসিপ্যাল ও ভবানীপুর। গ্রুপ ‘বি’-তে খেলবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, মহামেডান স্পোর্টিং, পিয়ারলেস, ওয়াড়ি, শ্রীভূমি এফসি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, ডায়মন্ড হারবার, কলকাতা পুলিশ এবং এরিয়ান। আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, দু’টি গ্রুপের শীর্ষে থাকা তিনটি করে দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের খেলা হবে। আবার একইভাবে প্রতি গ্রুপে নিচের দিকে থাকা তিনটি দলকে নিয়ে রেলিগেশন রাউন্ড হবে।

