জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে নির্বাচনী প্রচার ক্রমশঃ নিবিড় হচ্ছে
Bengal Times News, 11 April 2026
অতনু হাজরা জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন এলাকার ভূমিপুত্র মাষ্টারমশাই ভূতনাথ মালিক। প্রার্থী হবার পর থেকেই এলাকার মানুষের মনে খুশির জোয়ার বইছে। তাঁকে নিয়ে বেড়েছে প্রচারের ঝাঁঝ। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত একে একে ব্লক তৃণমূল পার্টি অফিসে কর্মী বৈঠক হয়। সকালে ব্লক পার্টি অফিসে ব্লকের গোষ্ঠীর মেয়েরা আসেন। তাঁদের নিয়ে আগামী বিধানসভা ভোট নিয়ে আলোচনা হয়। সেখানে ব্লকের গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে ভূতনাথ মালিককে জেতানোর ডাক দেওয়া হয়।
দুপুরে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক, প্রাথমিক ও পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে একটি সাংগঠনিক সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, সংগঠনের পক্ষ থেকে প্রবীর নায়েক, পীযূষ দাস, আব্দুর রহমান, সৌমেন ভট্টাচার্য্য, কুন্তল চট্টোপাধ্যায়, সৌমেন্দ্রনাথ পাল, রাজু মহন্ত, দেবাশীষ মালিক সহ শতাধিক শিক্ষক শিক্ষকরা। সংগঠনের পক্ষ থেকে প্রার্থীর সাথে সবরকমের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রার্থী ভূতনাথ মালিক বিধায়ক হবার পর তাঁর প্রাথমিক কাজের মধ্যে বিদ্যালয় উন্নয়নের উপর তিনি জোর দেবেন। সকলের স্বার্থ সুরক্ষা করার জন্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে সকলকে।
ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন সমাজ এখনো শিক্ষকদের মান্যতা দেয়। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন তাঁরা যেন তাঁদের মত করে ভূতনাথ মালিকের সমর্থনে প্রচার করেন। এছাড়াও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, শোভা দে, পূর্ণিমা মালিক, মাবিয়া বেগম শেখ,শিপ্রা ওঝা পারাতল ২ অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ভূতনাথ মালিকের সমর্থনে প্রচার করেন। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচারে জমজমাট জামালপুর।





