SBI Credit Camp
পূর্ব বর্ধমানে এসবিআই এর মেগা ক্রেডিট ক্যাম্প, ১,০০০-এরও বেশি উপভোক্তার মধ্যে ৪০ কোটি টাকা ঋণ বিতরণ
Bengal Times News, 28 January 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া পূর্ব বর্ধমান জেলায় একটি মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করে। ২৮ জানুয়ারি বর্ধমান টাউন হল প্রাঙ্গণে এই ক্রেডিট ক্যাম্প থেকে ১,০০০-এরও বেশি উপভোক্তার মধ্যে ৪০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ গ্রামীণ ও কৃষি ঋণ সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।
বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেগা ক্রেডিট ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ, অতিরিক্ত জেলা শাসক প্রতীক সিং, প্রসেনজিৎ দাস, জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক রাখী বিশ্বাস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোনাল হেড (দুর্গাপুর মডিউল) বীরেন্দ্র সিং, ডেপুটি জেনারেল ম্যানেজার (এগ্রিকালচার বিজনেস, লোকাল হেড অফিস, কলকাতা) অলোক জৈন সহ এসবিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক অভিষেক দে ও অঞ্জনি কুমার শ্রীবাস্তব এবং অন্যান্যরা।
উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলায় এসবিআই-এর মোট ৭৩টি শাখা রয়েছে, যার মধ্যে ৫৯টি শাখা কৃষি অর্থায়নের সঙ্গে যুক্ত এবং জেলার প্রতিটি ব্লককে আচ্ছাদিত করে।
এই ক্যাম্পে ২০০-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠী (SHG)-কে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়, যার মধ্যে নতুন লিঙ্কেজ ও আপগ্রেডেশন উভয়ই অন্তর্ভুক্ত ছিল। ঋণ অনুমোদনপত্র বিতরণ করেন পশ্চিমবঙ্গের পশুপালন ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও চেক এবং ঋণ অনুমোদন পত্র তুলে দেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ সহ জেলা প্রশাসন ও এসবিআই এর পদাধিকারীরা।
স্বনির্ভর গোষ্ঠী ছাড়াও WBBCC, WBSCC, KCC–পশুপালন, অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (AIF), কাস্টম হায়ারিং সেন্টার (CHC) এবং অন্যান্য সহযোগী সরকারি প্রকল্পের আওতায় ঋণ সহায়তা প্রদান করা হয়।
সব মিলিয়ে একদিনেই ৪০ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করা হয়। যার ফলে অনুষ্ঠানে উপস্থিত ১,০০০-এরও বেশি উপভোক্তা প্রত্যক্ষভাবে উপকৃত হন।
এদিনের এই বৃহৎ ঋণ প্রদান উদ্যোগ সফল ভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এসবিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক অভিষেক দে ও অঞ্জনি কুমার শ্রীবাস্তব।
অভিষেক বাবু জানান, পূর্ব বর্ধমানের জেলা শাসকের অনুরোধে এই ক্রেডিট ক্যাম্প আয়োজিত হয়। ক্যাম্পটি গ্রামীণ জীবিকা শক্তিশালীকরণ, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং জেলায় টেকসই কৃষি উন্নয়নে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অবিচল প্রতিশ্রুতিরই প্রতিফলন। এবারের ক্যাম্পে ঋণ প্রদানের ক্ষেত্রে মূলত স্বনির্ভর গোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আড়াই হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন। তিনি আরও জানান, প্রতি তিন মাস অন্তর এসবিআই এই ধরনের ক্রেডিট ক্যাম্পের আয়োজন করে। তবে এবার প্রায় ৬ মাস পর একটি বড় আকারে ঋণ বিতরণ শিবিরের আয়োজন করা হলো।







