Development 15 years in West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে পাড়ায় পাড়ায় জনসংযোগ
Bengal Times News, 13 January 2026
অতনু হাজরা, জামালপুর : রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে চলছে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে পাড়ায় সংলাপ কর্মসূচীর জনসংযোগ। জামালপুর ব্লকে তিনটি করে অঞ্চলে প্রতিদিন চলছে পাড়ায় সংলাপ কর্মসূচী। মঙ্গলবার পাঁচড়া অঞ্চলে এই কর্মসূচীতে যোগদেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, প্রধান বিকাশ পাকড়ে, উপ প্রধান সাবিত্রী টুডু , লালু হেমব্রম সহ অন্যান্যরা।
এদিন তাঁরা ধূলুক গ্রামে মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সেখানে ওই এলাকার মানুষদের নিয়ে একটি ছোট্ট সভা করেন। পরে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তারই সাথে উন্নয়নের পাঁচালীর বই মানুষের হাতে তুলে দেন। এছাড়াও মানুষের কাছে কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথা শুনে সমাধানের ব্যবস্থা করেন।
দুপুরে ওই অঞ্চলের কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে আবার জনসংযোগ শুরু করেন।
অন্যদিকে আবুজহাটি ১ অঞ্চলে যান বিধায়ক অলক কুমার মাঝি। সঙ্গে ছিলেন যুব সভাপতি উত্তম হাজারী, অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোনার, প্রধান ঝর্না দাস, উপ প্রধান শ্যামল চ্যাটার্জী সহ অন্যান্যরা।সেখানেও তাঁরা পুজো দিয়ে তাঁদের জনসংযোগের কাজ শুরু করেন। কখনও ছোট ছোট সভা আবার কখনও বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে সরকারের উন্নয়নের প্রচার করে উন্নয়নের পাঁচালী বই তুলে দিচ্ছেন মানুষের হাতে। জাড়োগ্রাম অঞ্চলে আজ জনসংযোগ করতে উপস্থিত হন ব্লকের সহ সভাপতি ভূতনাথ মালিক। তাঁর সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, কর্মাধ্যক্ষ জয়দেব দাস, অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, প্রধান নূরজাহান বিবি, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, সরোজ মান্না, মনতাজ ইসলাম সহ অন্যান্যরা। মোহনপুরে কালী মন্দিরে পুজো দিয়ে ও সাজামানতলা পীরস্থানে চাদর চরিয়ে তাঁরা তাঁদের সংলাপ কর্মসূচী শুরু করেন। দুপুরে কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে জামালপুরে দলীয় নির্দেশে পাড়ায় সংলাপ কর্মসূচীর মাধ্যমে পুরোদস্তুর জনসংযোগ চালিয়ে যাচ্ছেন ব্লক নেতৃত্ব।





