বর্ধমানের নতুনগঞ্জে কমলে কামিনী পুজো : দুশো বছরের ইতিহাস
Bengal Times News, 24 November 2026
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : শহর বর্ধমানের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় হলো নতুনগঞ্জের কমলে কামিনী পুজো। উনবিংশ শতাব্দীর প্রারম্ভে বর্ধমান রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এই পুজো আজও বর্ধমানবাসীর আবেগ, ভক্তি ও প্রাচীন পরম্পরার জীবন্ত দলিল হয়ে টিকে আছে। সেবাইয় কুলের বর্তমান প্রজন্ম রাজ কৃষ্ণ হাজরা বিগত বছরের মত এ বছরও নতুনগঞ্জের মন্দিরে এই পুজোর আয়োজন করেছেন
রাজকৃষ্ণ বাবুর কন্যা উপাসনা'র সঙ্গে কথা বলে জানা যায়, বর্ধমানের মহিষী মহারানী কমলকুমারী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা ও দানশীলা। তিনি স্বপ্নে মায়ের দর্শন লাভ করেন। এখন যেখানে মায়ের মন্দির রাজ আমলে এ জায়গাটা ছিল আবর্জনা ফেলার জায়গা সেখানে সারকুটের উপরে একটি পদ্ম ফুলের উপরে মা বসে রয়েছেন এই ছবি মহারানী কমল কুমারী স্বপ্নে দেখেন। তিনি বিষয়টি মহারাজা তেজচাঁদকে বললে তিনি বিশ্বাস করতে চান না পরের দিন সকালে সৈন্য সামন্ত নিয়ে গিয়ে সেখানে দেখেন সত্যিই সারকুটের উপরে একটি পদ্মফুল ফুটে রয়েছে। এরপর মহারানী কমল কুমারীর ইচ্ছায় সেই সারকুটের সব আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে ইংরেজি ১৮২১ সালে তৈরি হয় মন্দির। শুরু হয় পূজা অর্চনা। যার ধারাবাহিকতা সেবাইত স্কুলের মাধ্যমে আজও পরম্পরায় চলে আসছে। প্রতিবছর রাস পূর্ণিমায় শুরু হয় মায়ের পুজো, তিনদিন ধরে এই পুজো চলে। ধর্মীয় সমস্ত আচার ও রীতিনীতি মেনে পুজোর শেষে মায়ের নিরঞ্জন হয়।
উপসনা হাজরা বলেন, নতুনগঞ্জের এই মন্দিরে দেবীর রূপ সম্পূর্ণ ভিন্ন। অন্নদামঙ্গল কাব্য ও রাঢ়বঙ্গের লোককথা অনুসারে, সমুদ্রে ভাসমান প্রস্ফুটিত পদ্মের ওপর উপবিষ্টা দেবী কমলে কামিনী। এখানে ভক্তের বিপদতারিণী ও অভয়দাত্রী রূপে পূজিতা হন। কথিত আছে, বাণিজ্যযাত্রায় বিপদগ্রস্ত চাঁদ সদাগরকে দেবী এই রূপেই দর্শন দিয়ে রক্ষা করেছিলেন।
প্রতিষ্ঠাকাল থেকেই মন্দিরে নিত্যপুজোর পাশাপাশি রাস পূর্ণিমায় মায়ের পুজো অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয়।এই পুজো উপলক্ষে নতুনগঞ্জ ও সংলগ্ন এলাকার মানুষজন মন্দির প্রাঙ্গণে সমবেত হন, যা আজও প্রাচীন বর্ধমানের সম্প্রীতি ও মিলনমেলার আবহকে ধরে রেখেছে। কালের নিয়মে বর্ধমানের রাজতন্ত্র অবলুপ্ত হলেও, মহারানী কমলকুমারীর স্মৃতিবিজড়িত এই কমলে কামিনী মন্দির ও পুজো প্রভাত রঞ্জন হাজরা'র পর রাজকৃষ্ণ হাজরা ও তাঁর পরিবারের উদ্যোগে আজও প্রাচীন গরিমা হারায়নি। দুই শতাব্দীরও বেশি সময় পার করে নতুনগঞ্জের এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বর্ধমানের রাজকীয় ইতিহাস ও লোকসংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান রয়েছে।
