Bengal Times News, 3 November 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে কেন্দ্রের বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর প্রতীকী মৃতদেহ নিয়ে মিছিল করল বিজেপি। গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে জামালপুরে বিজেপির ১ নং মণ্ডলের মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল এই অভিনব মিছিলের আয়োজন করে। হালারা বিপত্তারিনি তলা থেকে মিছিল শুরু হয়ে জামালপুর ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।
এই মিছিলে পা মেলান কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি মানিক রায়, জামালপুরের বিধায়ক অরুণ হালদার, মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, জেলা নেতা রামকৃষ্ণ চক্রবর্তী, জিতেন ডকাল সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলে রাহুল গান্ধীর শবদেহ কাঁধে নিয়ে বল হরি হরিবোল ধ্বনি দেওয়া হয়।
মিছিল শেষে জামালপুর ব্রিজের কাছেই একটি জনসভা হয়। ওই সভায় বক্তব্য রাখতে প্রত্যেক বক্তা ইন্ডি জোটের পিণ্ডী চটকান। দেশের নির্বাচিত সরকার ও নির্বাচন কমিশনের মত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরোধিতার তীব্র কটাক্ষ করেন তাঁরা। বিধায়ক অরুণ হালদার বলেন, দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে কংগ্রেস সহ তাঁদের সহযোগী দলগুলি।
দেশের গণতন্ত্র কে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তাই এর প্রতিবাদ হওয়া দরকার। বিপুল সংখ্যক মানুষ আজ প্রতিবাদ মিছিলে জামালপুরে যোগদান করেছেন। তাও এটা মাত্র একটি মণ্ডলের মিছিল, যা কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে। এটাই প্রমাণ করছে বিরোধীরা যতই চক্রান্ত করুক না কেন সাধারণ মানুষ তাঁদের সঙ্গেই আছেন। জেলা সভাপতির নির্দেশেই এই মিছিলে করা হয়। যে ভাবে বিরোধী শক্তি দেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে আন্দোলনের নামে বিব্রত করতে চাইছে সেই বিষয়ে সাধারণ মানুষকে অবগত করাতে ও তাঁদের এই প্রতিবাদে শামিল করতেই মিছিল আয়োজিত হয়। তিনি আরো বলেন, এই অন্যায় যদি চলতে থাকে তাহলে আগামীতে আরো বড় প্রতিরোধ তাঁরা গড়ে তুলবেন।
প্রধান বাবু বলেন, দলের জেলা সভাপতি ও বিধায়কের নির্দেশে এই মিছিলের আয়োজন করা হয়। অনেক মানুষ তাঁর মন্ডল থেকে পা মিলিয়েছেন, এতেই পরিষ্কার বিরোধীরা যতই ওই রামলীলা ময়দানে লীলা করুকনা কেন মানুষের আস্থা ও ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেই আছে। এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে দল যখন তাঁকে যেমন নির্দেশ দেবেন তিনি সেটা পালন করবেন।






