বিদ্যালয়ে নিরাপত্তা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ
Bengal Times News, 10 July 2026
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের চাণ্ডুল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের দায়িত্ব পালনে সম্ভাব্য গাফিলতির অভিযোগ তুলে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী সৌম্যদীপ ঘোষ।
অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত আলোকচিত্রে বিদ্যালয় চলাকালীন সময়ে কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের বাইরে ঘোরাফেরা করতে এবং বিদ্যালয়ের এক শিক্ষককে শ্রেণিকক্ষের ভিতরে ঘুমন্ত অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
তবে অভিযোগগুলির বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি। বিষয়টি বর্তমানে তদন্তসাপেক্ষ।



