বর্ধমান লায়ন্স ক্লাবের সভাপতি পদে কাঞ্চন সোম, মানবসেবার অঙ্গীকার
Jagannath Bhoumick
Bengal Times News, 29 June 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ষণ মুখর সন্ধ্যায় বর্ধমান লায়ন্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কাঞ্চন সোম। ২৮ জুন ক্লাবের ৬২ তম অভিষেক রজনীতে বিদায়ী সভাপতি রাজকুমার সাহানার কাছে দায়িত্ব বুঝে নিলেন নব নির্বাচিত সভাপতি কাঞ্চন সোম। নতুন কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে কল্যাণ মন্ডল ও হীরেন পাঁজা। এদিন নতুন সভাপতি, কার্যনির্বাহী কমিটি এবং বোর্ড মেম্বারদের শপথ গ্রহণ করালেন লায়ন্সের প্রাক্তন জেলা পাল ওমপ্রকাশ যশ। সভাপতি কাঞ্চন সোম শপথ নিয়েই মানব সেবার অঙ্গীকার করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন জেলা পাল সহ প্রাক্তন সভাপতি ও বর্ষিয়ান সদস্যরা। ছিলেন রিজিওন চেয়ারম্যান সেখ আলহাজউদ্দিন, রিজিওনাল কো- অর্ডিনেটর জহর মন্ডল। সদ্য বিদায়ী সভাপতি রাজকুমার সাহানা, প্রাক্তন সভাপতি প্রসেনজিৎ দত্ত, কিরন শংকর মন্ডল, অনুপ নাগ সহ অনেকেই নতুন সভাপতিকে তাঁর কাজকর্ম চালিয়ে যেতে সব রকমের সাহায্য করবেন বলে জানালেন।
এদিন সঞ্জয় ঘোষের সম্পাদনায় লায়ন্স ক্লাবের স্মারক গ্রন্থ কমিউনিটি প্রকাশিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে বর্ধমান লায়ন্স ক্লাবের সদস্যদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অভিষেক রজনীর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা দত্ত সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

