বুথে এসে ভোট দিলেন ১০৪ বছরের প্রৌঢ়
Bengal Times News, 29 April 2026
অতনু হাজরা, জামালপুর : সাত সকালে শান্তিপূর্ণ ভাবে জামালপুরে ভোট গ্রহণ শুরু হলো। সব বুথেই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। জামালপুরের সবচেয়ে প্রবীণ ভোটার বত্রিশবিঘা গ্রামের শেখ ইব্রাহিম যাঁর বয়স ১০৪ বছর তিনিও বত্রিশবিঘা প্রাইমারি স্কুলে এসে ভোট দিলেন।
তাঁকে বাড়ি থেকে নির্বাচন কমিশনের গাড়ি বুথে নিয়ে এসে হুইল চেয়ারে করে বুথে নিয়ে গিয়ে ভোট দেবার ব্যবস্থা করা হয়। ভোট দিয়ে তিনি খুশী। ওই বুথেই তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান সকাল বেলা গিয়ে নিজের ভোট দেন।
দোলোরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে মডেল বুথে সকাল থেকেই ভোট দেবার জন্য মানুষের লম্বা লাইন পড়ে যায়। নির্বাচন কমিশন থেকে প্রতিটি বুথেই করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে আগে বিএলও-রা ভোটারদের ভোটার কার্ড ও স্লিপ দেখে পরীক্ষা করে ভোটারদের ভিতরে ঢুকতে দিচ্ছেন।জামালপুরের ইআরও নীলিমা সামন্ত ও বিডিও পার্থ সারথী দে জানান, সকালেই মক পোলের সময় তিনটি ইভিএম মেশিন খারাপের খবর এসেছিল। সাথে সাথেই সেগুলো পাল্টে দেওয়া হয়েছে। তাঁরা জানান যেখান থেকেই কোনো খবর আসছে সঙ্গে সঙ্গে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।



