নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের হুঁশিয়ারি
Bengal Times News, 18 February 2026
বেঙ্গল টাইমস নিউজ : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কার্যপ্রণালি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন (ECI) সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অমান্য করে নির্বাচনী তালিকা সংশোধনের কাজে বিধিবদ্ধ প্রক্রিয়া লঙ্ঘন করছে এবং রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছে।
অভিষেক প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কি মনে করছে যে “মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ খোলাখুলি লঙ্ঘন করা যায়?” তাঁর অভিযোগ, স্বচ্ছ ও দায়বদ্ধ সরকারি চ্যানেলের বদলে হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে নির্দেশ পাঠানো হচ্ছে।
তাঁর আরও অভিযোগ, স্পেশাল রোল অবজারভার C. Murugan হোয়াটসঅ্যাপ গ্রুপে মাইক্রো অবজারভারদের বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন, যার উদ্দেশ্য ভোটার বাদ দেওয়ার সংখ্যা বাড়ানো।
এছাড়া, জেলা ভিত্তিতে নিযুক্ত রোল অবজারভারদের লগইন আইডি কলকাতা থেকে ব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশ্ন তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি স্বাধীন তদন্তে প্রমাণিত হবে বলে দাবি করে অভিষেক জানান, নির্বাচন কমিশনের বৈধতা জনবিশ্বাস থেকে আসে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়। তিনি স্পষ্ট করেন, এই ইস্যু সুপ্রিম কোর্টে তোলা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

