Bengal Times News, 16 July 2026
অতনু হাজরা, জামালপুর : কুলীন গ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা ও তারামা মন্দিরের মা তারার রথ টানলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। বৃহস্পতিবার জগন্নাথ দেবের পুণ্য রথ যাত্রার দিনে জামালপুরের প্রায় তিন শতাব্দী প্রাচীন ঐতিহ্যপূর্ণ রথ যাত্রায় অংশ নিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার।
ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মন্ডল। প্রাচীন ঐতিহ্যশালী মালাধর বসুর গ্রাম জামালপুরের কুলীন গ্রাম। পুরীর জগন্নাথ দেবের রথের সাথে এই রথের সংযোগ আছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ তথা শিষ্য যবন হরিদাসের আখড়া ছিল এখানে। জগন্নাথ দেবের মন্দির ও সুন্দর মূর্তি আছে এই মন্দিরে। তিন শতাব্দী প্রাচীন এখানকার রথ খুব ধুমধাম সহকারে হয়। সুসজ্জিত রথে তোলা হয় জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্র দেব কে। আজ সেই পবিত্র রথের দড়ি হাত দিয়ে রথ টানলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার।
আজ তাঁর সাথে ছিলেন প্রধান চন্দ্র পাল, তপন বাছার, জগবন্ধু ঘোষ, প্রদীপ বাগ, সৌমেন ঘোষ, অভিজিৎ সহ অন্যান্যরা। বিধায়ক অরুণ হালদার বলেন জগন্নাথ দেবের রথযাত্রা উড়িষ্যার পুরী সহ সারা ভারতবর্ষ জুড়ে মহা সমারোহে উদযাপিত হচ্ছে। কুলীন গ্রামের এই রথ অত্যন্ত প্রাচীন। এখানকার মাহাত্ম্য অনেক।
ভারতের সকল সনাতনীদের কাছে এর এক আলাদা গুরুত্ব আছে। তিনি বলেন তিনি নিজে ধর্মের পথেই থাকেন এবং আগামীতেও থাকবেন বলে জানান। এছাড়াও মহিন্দরের তারামা মন্দিরে রথ যাত্রায় অংশ নেন। এখানে তারাপীঠের মন্দিরের মতোই মা তারাকে রথের উপরে তুলে গোটা গ্রাম ঘুরিয়ে মাকে পুনরায় মন্দিরে নিয়ে আসা হয়।
এখানে রথ টানার আগে সামনে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করে দিয়ে রথের দড়ি ধরে রথ টানেন। কুলীন গ্রামে রথ যাত্রা উপলক্ষ্যে হাজার হাজার ভক্ত সমাগম হয় আর গ্রামীণ মেলাও বসে।







